জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “অন্তর্বর্তী সরকারকে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আইনি আদেশ জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করতে হবে।”
মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত ৭ দফা দাবির মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান অভিযোগ করেন, “অন্তর্বর্তী সরকারের জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠান শুধুমাত্র আনুষ্ঠানিকতা, এর মাধ্যমে কোনো আইনি ভিত্তি তৈরি হচ্ছে না।”
তিনি বলেন, “বিএনপি এখন গণভোটে রাজি হলেও জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন করতে চায়, যা বাস্তবসম্মত নয়। একদিনে দুটি ভোটগ্রহণ করলে গ্রামীণ এলাকায় সময়মতো ভোট সম্পন্ন করা কঠিন হবে। জাতীয় নির্বাচন প্রতীকনির্ভর, আর গণভোট প্রশ্ননির্ভর—তাই উভয় কার্যক্রম একই দিনে হওয়া উচিত নয়।”
বিএনপির অবস্থান নিয়ে তিনি সমালোচনা করে বলেন, “বিএনপি আগে বলেছিল পিআর পদ্ধতি বোঝে না, এখন বলছে সংসদে গিয়ে সিদ্ধান্ত নেবে। তাহলে তারা কীভাবে সিদ্ধান্ত নেবে যদি পদ্ধতিটাই না বোঝে?”
রাশেদ প্রধান বলেন, “জাগপা ছোট দল হলেও আমরা বাস্তবতার রাজনীতি করি। বিএনপি, জাতীয় পার্টি ও ১৪ দল—এই পুরনো ধারা থেকে জনগণ মুক্তি চায়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অর্থনৈতিক ক্ষমতা ও পেশিশক্তির রাজনীতি অনেক কমে যাবে।”
তিনি সরকারের উদ্দেশে বলেন, “আপনারা আওয়ামী লীগ ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করুন, আওয়ামী লীগের রেখে যাওয়া প্রশাসনকে সংস্কার করুন। বর্তমান প্রশাসনের অধীনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি সম্ভব নয়। আগামী জাতীয় নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে, ভারতের প্রভাবমুক্ত পরিবেশে।”
মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ সংহতি জানিয়ে বলেন, “আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে—এটাই জনগণের প্রত্যাশা।”
দেশের সাতটি বিভাগীয় শহরেও জাগপার ৭ দফা দাবিতে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।