কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সম্প্রতি গোমতী নদী ও এর বাঁধ রক্ষণাবেক্ষণের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেন, গোমতী নদীকে কেন্দ্র করেই দেবিদ্বারের মানুষের জীবন-জীবিকা গড়ে উঠেছে।
তবে প্রতি বর্ষায় নদীর পানি বৃদ্ধি পেলে এলাকাবাসীকে বন্যার আতঙ্কে থাকতে হয়। বিশেষ করে ২০২৪ সালের বন্যা পরিস্থিতি মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়।
তিনি উল্লেখ করেন, নদীর বাঁধগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হওয়া এবং ইচ্ছাকৃত ক্ষতির কারণে ঝুঁকি বাড়ছে। গোমতী নদীর পাড়ঘেঁষা ইটভাটাগুলো অবৈধভাবে মাটি কাটার মাধ্যমে বাঁধের ক্ষতি করছে, যা পরিবেশ ও জনজীবনের জন্য হুমকিস্বরূপ। প্রশাসনের সদিচ্ছা থাকা সত্ত্বেও রাজনৈতিক অসহযোগিতা এ সমস্যাকে জটিল করে তুলছে।
সংসদ সদস্য জানান, নির্বাচন-পরবর্তী সময়ে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে, ফলে কিছুটা কমেছে এ প্রবণতা। তবে এখনো বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযোগ রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নিলে এ সমস্যা পুরোপুরি বন্ধ করা সম্ভব।
তিনি সকলের প্রতি আহ্বান জানান, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে এবং গোমতী নদী ও এর বাঁধ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করতে।