মুন্সিগঞ্জে প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় এলাকায় আজ শুক্রবার (১ মে ২০২৬) দিনব্যাপী বিনামূল্যে চক্ষু, দন্ত ও সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদান উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। “মোঃ শামসুল হক মেমোরিয়াল ফাউন্ডেশন”-এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে শত শত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
দিঘিরপাড় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ক্যাম্পে সকাল থেকেই রোগীদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে নারী, পুরুষ ও শিশুরা চিকিৎসা নিতে ভিড় করেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
চক্ষু বিভাগে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগীদের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হয়। স্লিট ল্যাম্পসহ উন্নত প্রযুক্তি ব্যবহার করে চোখের বিভিন্ন জটিলতা শনাক্ত করা হয় এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে দন্ত বিভাগে দাঁতের বিভিন্ন সমস্যা যেমন দাঁতের ক্ষয়, মাড়ির রোগ ও ব্যথাজনিত সমস্যার চিকিৎসা দেওয়া হয়।
এছাড়াও মেডিসিন, ডায়াবেটিস, হৃদরোগ, শিশু রোগ ও নিউরোলজি বিভাগের চিকিৎসকরাও রোগীদের সেবা প্রদান করেন। দেশের স্বনামধন্য বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানের অভিজ্ঞ চিকিৎসকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই কার্যক্রমকে সফল করে তোলেন।
আয়োজকরা জানান, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে তারা জানান।
স্থানীয়দের মতে, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও উপকারী। তারা নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম চালু রাখার আহ্বান জানান।
দিনব্যাপী এ ক্যাম্পে কয়েক শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।