সাইফুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মহিপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ৯টায় মহিপুর থানা শ্রমিক দলের উদ্যোগে এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মহিপুর থানা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠত হয়।
মহিপুর থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্রের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাগর সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর-আলিপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম সর্দার, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ূব আকন ফিরোজ এবং মহিপুর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। এছাড়াও বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল জলিল হাওলাদার বলেন, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমেই দেশ এগিয়ে যাচ্ছে। তাদের ন্যায্য অধিকার ও সম্মান নিশ্চিত করা সময়ের দাবি।
সভায় সভাপতির বক্তব্যে মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, অধিকার আদায়ে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
অন্যান্য বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদার এবং মজুরি বৈষম্য দূরীকরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শ্রমিক কল্যাণে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
এদিকে মহান মে দিবস উপলক্ষে মহিপুর-আলিপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এবং মহিপুর-আলিপুর ওয়ার্কশপ ও ফিটার শ্রমিক ইউনিয়নের উদ্যোগেও পৃথক কর্মসূচি পালন করা হয়েছে।