শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন এবং দেশ-বিদেশে কর্মরত সব শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ১৮৮৬ সালের ১ মে শিকাগোর হে মার্কেট স্কয়ারে “দিনে ৮ ঘণ্টার বেশি কাজ নয়”—এই মানবিক দাবিতে শ্রমিকরা আন্দোলনে নেমেছিলেন। সেই সময় মার্কিন পুলিশ ও সশস্ত্র বাহিনীর গুলিতে বহু শ্রমিক নিহত হন, রক্তে রঞ্জিত হয় রাজপথ। সেই আত্মত্যাগের স্মরণেই আজ বিশ্বব্যাপী মে দিবস পালিত হয়। তিনি সেদিনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে মে দিবস পালিত হলেও তা অনেকাংশেই আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ—ব্যানার, বক্তব্য ও আলোচনার মধ্যেই আবদ্ধ। বাস্তবে শ্রমজীবী মানুষের জীবনে পরিবর্তন খুবই সীমিত।
তিনি অভিযোগ করেন, অতীতে ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনকারী শ্রমিকদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে, শ্রমিক নেতাদের গুম বা আটক করার ঘটনাও ঘটেছে। পাশাপাশি বহু বছর পেরিয়ে গেলেও রানা প্লাজা ট্র্যাজেডির বিচার এখনো সম্পূর্ণ হয়নি।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পরও দেশে বৈষম্য দূর হয়নি এবং শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত করা যায়নি। তাই আন্তর্জাতিক শ্রমিক দিবসে তিনি একটি শ্রমিকবান্ধব বাংলাদেশ গড়ার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন—যেখানে শ্রমজীবী মানুষের মর্যাদা, অধিকার ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত থাকবে।