গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খাঁন মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির দায় থেকে নাহিদ ইসলাম পুরোপুরি মুক্ত নন। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন লিখেছেন, নাহিদ ইসলাম ব্যক্তিগতভাবে দুর্নীতিতে জড়িত না থাকলেও তার দায়িত্বকালীন সময়ে সরকার সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি, তদবির বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। তিনি প্রশ্ন তোলেন, এসব ঘটনায় নাহিদ ইসলাম নৈতিক দায় এড়াতে পারেন কি না।
তিনি আরও দাবি করেন, কিছু উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের কথা নাহিদ ইসলাম নিজেই স্বীকার করেছেন। এছাড়া বিভিন্ন নিয়োগ ও প্রশাসনিক রদবদলেও তার প্রভাব ছিল বলে অভিযোগ করেন রাশেদ খাঁন।
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, উপদেষ্টা পদে থাকা অবস্থায় রাজনৈতিক দল গঠন করাও নৈতিক প্রশ্নের জন্ম দেয়। একই সঙ্গে তিনি তথ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন ক্ষেত্রে প্রত্যাশিত সংস্কার না হওয়ার বিষয়টি তুলে ধরেন।
রাশেদ খাঁনের মতে, এসব কারণেই সরাসরি দুর্নীতিতে যুক্ত না থাকলেও নাহিদ ইসলাম নৈতিক দায় থেকে মুক্ত নন।