মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ শহরের একটি ভাড়া ফ্ল্যাটে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯ জন নারী ও ১ জন খদ্দেরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) মুন্সিগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) বিকেলে মুন্সিগঞ্জ সদর থানার একটি টিম স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পৌর এলাকার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। এ সময় ফ্ল্যাটটির ভেতর থেকে ৯ নারী ও ১ জন পুরুষকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন মূলহোতা স্বীকার করেছেন, তারা বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে গোপনে দেহব্যবসা পরিচালনা করতেন। নিজেদের পাশাপাশি আরও কয়েকজন নারীকে যুক্ত করে মোবাইল ফোনের মাধ্যমে খদ্দের সংগ্রহ করা হতো।
পুলিশ আরও জানায়, অনেক ক্ষেত্রে খদ্দেরদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও পাওয়া গেছে। এছাড়া বিদেশফেরত ব্যক্তিরাই তাদের অধিকাংশ বিশেষ গ্রাহক ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।