টাঙ্গাইলের মধুপুর উপজেলায় চলতি বোরো মৌসুমে ধানের ন্যায্য দাম না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। মাঠে পাকা ধান থাকলেও কম দামের কারণে অনেক কৃষক হতাশা প্রকাশ করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে প্রতি মণ ধান ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করতে হচ্ছে, যেখানে উৎপাদন খরচ পড়ছে আরও বেশি। অথচ ধান কাটার শ্রমিকের দৈনিক মজুরি দিতে হচ্ছে ৯০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত। ফলে এক মণ ধানের দামে এক দিনের শ্রমিকের মজুরিও মেটানো যাচ্ছে না।
কৃষকরা জানান, ধান চাষে লাভ তো দূরের কথা, খরচ উঠানোই কঠিন হয়ে পড়েছে।
এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, মৌসুমের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক এলাকায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে শ্রমিকের মজুরি বেড়ে গেছে। কোথাও কোথাও চুক্তিভিত্তিক ধান কাটার খরচও বৃদ্ধি পেয়েছে। মধুপুর উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা অহিদুল ইসলাম । তিনি বলেন, এবার ফলন ভালো হলেও শ্রমিক মজুরি বেশি হওয়ায় লোকসান হতে পারে। এভাবে চললে কৃষকরা মরতে দিদাবাদ করবে না। ধান চাষে আমাদের উদ্বুদ্ধ করতে একটা ন্যায্য দাম নিশ্চিত করতে হবে। তা নাহলে অনেকেই নিজের প্রয়োজনের বেশি ধান চাষ করবেন না।ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগরের বিল্লাল হোসেন বলেন, ১০০ শতক জমিতে ধান চাষ করেছি। শ্রমিকের মজুরি এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত উঠেছে। কিন্তু ধানের দাম মণ ৮০০-৯০০ টাকা।