ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপি মনোনীত প্রার্থী নুসরাত তাবাসসুম-এর প্রার্থিতা নিয়ে চলা আইনি জটিলতার অবসান ঘটছে। উচ্চ আদালতের নির্দেশনার পর তার মনোনয়নপত্র গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, এ বিষয়ে তারা কোনো আপিল করবে না।
মঙ্গলবার (২৮ এপ্রিল) নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ গণমাধ্যমকে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “আমরা আদালতের রায় কার্যকর করব, এ বিষয়ে কমিশন থেকে কোনো আপিল করা হচ্ছে না।”
এর আগে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি। পরে নুসরাত তাবাসসুম উচ্চ আদালতে রিট করেন। আদালত মনোনয়নপত্র গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নিতে ইসিকে নির্দেশ দেন।
ইসি সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র গ্রহণের পর বাছাই প্রক্রিয়ায় বৈধতা নির্ধারণ করা হবে। তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
এখন বাছাই ও পরবর্তী আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে তার নির্বাচনে অংশগ্রহণ।