প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে বিশেষ ‘কার্ড’ চালুর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার ‘কার্ড’ভিত্তিক উদ্যোগ নিচ্ছে। তাই চাঁদাবাজি ও দুর্নীতির মতো বড় সমস্যাগুলো মোকাবিলায়ও এমন ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তার মতে, এ দুটি সমস্যা বর্তমানে দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের পর সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং প্রশাসনিক দুর্বলতার কথাও তুলে ধরেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, এনসিপিকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা হচ্ছে এবং ভোটকেন্দ্রে কঠোর নজরদারি রাখা হবে, যাতে কোনো ভোট নষ্ট না হয়।
অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এবং নবগঠিত কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।