মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের নৌপথে যাত্রীবাহী একটি লঞ্চে মুমূর্ষু অবস্থায় থাকা এক শিশুকে জরুরি চিকিৎসা সেবা দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে এমভি সম্পদ নামের একটি যাত্রীবাহী লঞ্চে করে দুই বছর বয়সী অসুস্থ শিশুকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসছিলেন তার পিতা। লঞ্চটি দুপুর ১২টার দিকে চাঁদপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। এ সময় শিশুটির পিতা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করেন।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিক্যাল টিম দ্রুত হাই-স্পিড বোটযোগে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তীতে মুন্সিগঞ্জ এলাকায় লঞ্চটির কাছে পৌঁছে তারা শিশুটিকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কোস্ট গার্ডের বোটে করে তাকে সদরঘাটে আনা হয় এবং সেখান থেকে সিভিল অ্যাম্বুলেন্সে করে ঢাকার শ্যামলীতে অবস্থিত মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।