নরসিংদীতে নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি বিদ্যুৎ উপ-কেন্দ্রের প্রায় ৪ লাখ টাকা মুল্যমানের বিভিন্ন ধরনের মালামাল লুট করে নিয়ে গেছে একটি চক্র। রবিবার (২৬ এপ্রিল) ভোরে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধিনস্থ পলাশ উপজেলার ঘোড়াশালের ভাগদী ২০ কেভি বিদ্যুৎ উপ-কেন্দ্রে এই ঘটনা ঘটে।
লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে তামার তার, ডিসকানেক্ট সুইস এর ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার। ফলে চলতি লাইন থেকে এসব তার কেটে নেয়ায় পশাল উপজেলার ভাগদী, রাজাবোসহ ৪টি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ আপাতত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো: মনোয়ার হোসেন সুমন জানান, রবিবার ভোরে ভাগদী সাব-স্টেশনে কর্মরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে তিনটি মোটরসাইকেল যোগে আসা ৫/৬ দুর্বৃত্ত দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় চলতি লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইস এর ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার কেটে নিয়ে যায় তারা। এতে পলাশ উপজেলার কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে তারা পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও পুলিশে খবর দেয়া হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দ্রুতই অপরাধীদের গ্রেফতার করা হবে।