ফয়সাল আহমাদ , শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্ব খন্ড এলাকায় রাতের আঁধারে এক অসহায় বৃদ্ধা মহিলার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটতরাজের ঘটনা ঘটেছে। জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংঘটিত এ ঘটনায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তি রফিক পারভেজ রবিসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মোছা: রোকেয়া বেগম (৬০) অভিযোগ করেন, গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে রফিক পারভেজ রবির নেতৃত্বে একদল লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার বসতবাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। এরপর তারা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। একপর্যায়ে প্রধান অভিযুক্ত তার গলায় পা দিয়ে শ্বাসরোধের চেষ্টা করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ সময় তার নাতি মো. কায়েস (১০) দাদিকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। হামলাকারীরা ঘরে ভাঙচুর চালিয়ে নগদ ১১ হাজার টাকা, প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন, ৩টি ছাগল, একটি বাছুর এবং গুরুত্বপূর্ণ জমির কাগজপত্রসহ একটি ট্রাংক লুট করে নিয়ে যায়। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, প্রধান অভিযুক্ত রফিক পারভেজ রবি শ্রীপুর পৌর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক এবং পৌর যুবলীগের সাবেক সদস্য। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই ও নারী নির্যাতনসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, আলোচিত শিশু ধর্ষণ মামলাসহ বিভিন্ন অভিযোগ থাকলেও তার প্রভাবের কারণে কেউ মুখ খুলতে সাহস পায় না।
এছাড়া একই ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও সহিংসতার অভিযোগ রয়েছে।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রোকেয়া বেগমকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,
“অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে এবং ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা নিশ্চিত করা হবে।”