মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ২টি খালসহ মোট ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—ধীপুর ইউনিয়নের মাড়িয়ালয় মোকামখোলা ব্রিজ থেকে মটুকপুর সিদ্ধেশ্বরী বাজার পর্যন্ত প্রায় ৫৭৭৬ মিটার খাল খনন কাজ এবং পাঁচগাঁও কুকরাদী এলাকায় প্রায় ১২০০ মিটার খাল পুনঃখনন। এছাড়া বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৪ এর আওতায় কালীবাড়ী থেকে পাঁচগাঁও ইউপি কাইচমালধা পর্যন্ত একটি পাকা সড়ক উন্নয়ন করা হবে।
একই সঙ্গে আউটশাহী ইউনিয়নের চাষিরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালীগাঁও ইউনিয়নের গোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উন্নয়ন কাজেরও উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নত হবে এবং কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি আরও জানান, উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে টঙ্গিবাড়ীতে আরও বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল হক ডাবলু, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন রাজু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যোগাযোগ সমস্যার সমাধানে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।