বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে সংস্কার বাস্তবায়ন নিয়ে বিএনপির টালবাহানার অভিযোগ তুলেছেন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান ইভারস আইজবস-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়। বৈঠকে বাংলাদেশের সর্বশেষ জাতীয় নির্বাচন, গণভোট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে বিভিন্ন সংস্কার বিষয়ে বিএনপি প্রাথমিকভাবে সম্মত হলেও বাস্তবায়নে তারা গড়িমসি করছে। এতে জনগণের মধ্যে রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থা কমে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ তুলে ধরেন এবং বিভিন্ন স্থানে সহিংসতার অভিযোগ করেন। অন্যদিকে ইইউ প্রতিনিধি দল গণতন্ত্র শক্তিশালী করা, রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করে।
বৈঠকে ইইউ মিশনের পর্যবেক্ষণ প্রতিবেদনও বিরোধীদলীয় নেতার কাছে হস্তান্তর করা হয়।