জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, গণভোটে ‘হ্যাঁ’-এর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি।
তিনি বলেন, বিএনপি যখন দাবি করে যে তারা সংখ্যাগরিষ্ঠ ভোটে সরকার গঠন করেছে এবং তাই ইচ্ছেমতো সিদ্ধান্ত নিতে পারে—এটি গণভোটের চেতনার পরিপন্থী। নির্বাচনের পর শপথ নেওয়ার প্রথম দিন থেকেই তারা জনগণের প্রত্যাশা উপেক্ষা করেছে বলেও মন্তব্য করেন তিনি। জুলাইয়ের জনআকাঙ্ক্ষা ও জনরায়কে অগ্রাহ্য করে সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ করেন আখতার হোসেন।
শনিবার (২৫ এপ্রিল) জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সংগঠনটির ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের কথা জানানো হয়।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, সরকার গঠনের পরপরই বিপুল পরিমাণ টাকা ছাপানো হয়েছে। পাশাপাশি ব্যাংক আইন পরিবর্তনের মাধ্যমে অর্থ পাচারকারীদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এতে বোঝা যায়, কেবল ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু দুর্নীতির মানসিকতার পরিবর্তন হয়নি।
সরকারকে সতর্ক করে আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের আঁতাত করে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগকে আইনগতভাবে নিষিদ্ধ না করা হলে এনসিপি সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সভায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব শাহবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ডাকসুর দুই নির্বাচিত প্রতিনিধিকে নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এই ঘটনার পর সরকারের কোনো কার্যকর প্রতিক্রিয়া দেখা যায়নি।
একই সঙ্গে জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবহন ভাড়া বৃদ্ধির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দেশে নতুন করে স্বৈরাচারী প্রবণতা তৈরি হচ্ছে।
জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, তরুণদের শক্তিকে কাজে লাগাতে না পারলে দেশে বারবার স্বৈরাচার ফিরে আসবে। তিনি রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সকল দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, যুবশক্তি কখনো কোনো দলের সহিংস বাহিনী হিসেবে কাজ করেনি এবং ভবিষ্যতেও করবে না। বরং জাতীয় সংকটে দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সক্রিয় থাকবে।
এছাড়া সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ বলেন, জুলাইয়ের চেতনা ও শহীদদের স্বপ্ন বাস্তবায়নে যুবশক্তি কাজ করবে এবং বৈশ্বিক যুব রাজনীতির নতুন ধারার সঙ্গে সংগঠনকে এগিয়ে নেওয়া হবে।
ঘোষিত ৭ সদস্যের আংশিক কমিটিতে সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, সিনিয়র সাধারণ সম্পাদক কাজী আয়েশা আহমেদ, সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ এবং সিনিয়র সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত রয়েছেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ও বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।