পটুয়াখালীর মহিপুর এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাস ঘিরে আলোচনায় এসেছেন ছাত্রশিবিরের স্থানীয় এক নেতা। শনিবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দীর্ঘ এক পোস্ট দিয়ে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মো. ইব্রাহিম।
জানা যায়, তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর মহিপুর থানা শাখার সাংগঠনিক দায়িত্বে ছিলেন। পোস্টে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও ব্যক্তিগত উপলব্ধি এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি রাজনীতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ইব্রাহিম জানান, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই। বরং একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে সমাজের কল্যাণে কাজ করতে চান। পরিবার, পেশা ও ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার দেওয়ার কথাও তিনি তার আবেগঘন বার্তায় তুলে ধরেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিদ্ধান্তটি সম্পূর্ণ ব্যক্তিগত এবং সংগঠনের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে।
এদিকে, স্থানীয় ছাত্রশিবির নেতারা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, পারিবারিক ব্যস্ততা ও সময়ের সীমাবদ্ধতার কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সংগঠনের পক্ষ থেকে তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়েছে।