নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম বাবলু (৪০)।
তিনি উপজেলার যোগীন্দ্রনগর গ্রামের বাসিন্দা। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাঠের জমির ৪ ইঞ্চি জায়গা নিয়ে একই গ্রামের পারুল নামের এক নারীর সঙ্গে বাবলুর বিরোধ চলছিল। গত ১৭ এপ্রিল বিকেলে এ বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায়।
অভিযোগ রয়েছে, কাওছার, কামাল, জহুরুল ও রাসেলসহ কয়েকজন তাঁকে মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাবলুর পরিবারে স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ মা-বাবা রয়েছেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
এ ঘটনায় নিহতের বাবা মুনসুর বাদী হয়ে ১৭ এপ্রিল রাতে গুরুদাসপুর থানায় একটি মামলা করেন। মামলার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।