রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তবায়নে সংস্কার কার্যক্রম শুরু হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধারাবাহিকভাবে বাধা সৃষ্টি করেছে।
তিনি অভিযোগ করেন, গণভোটে সম্মত হওয়ার পরও নির্বাচন শেষে বিএনপি সেই অবস্থান থেকে সরে এসেছে, যা জনগণের রায়ের প্রতি অসম্মান।
নাহিদ ইসলাম আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে বিএনপি পূর্ববর্তী স্বৈরাচারী ধারার পুনরাবৃত্তি করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে তরুণ সমাজ ও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, এলডিপি চেয়ারম্যান অলি আহমদ এবং অন্যান্য রাজনৈতিক নেতারা। বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন ও শহিদ পরিবারকে সম্মান প্রদর্শনের দাবি জানান।