মুন্সিগঞ্জ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জন সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচিতদের মধ্যে মুন্সিগঞ্জ জেলার দুজন নারী রয়েছেন। তারা হলেন—মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখী গ্রামের মমতাজ আলো এবং একই উপজেলার রামপাল ইউনিয়নের দেওসার গ্রামের অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। মমতাজ আলো জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফ্রান্স মহিলা দলের সভাপতি। অপরদিকে ফাহিমা নাসরিন মুন্নি বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সহ-সম্পাদক এবং দলের নির্বাহী কমিটির সদস্য।
ইসি সূত্র জানায়, সংরক্ষিত আসনের বিপরীতে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জন বৈধ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়। আসনসংখ্যার বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় কোনো আসনেই ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান বলেন, “জোটভিত্তিক আসন বণ্টনের কারণে প্রতিটি আসনের বিপরীতে একজন করে বৈধ প্রার্থী থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।”