বিএনপি ভারতের গণমাধ্যম এই সময়-এ প্রকাশিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতিক সময়ে কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি।
বিবৃতিটি পাঠান বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। এতে উল্লেখ করা হয়, কলকাতার বাংলা দৈনিক এই সময় গতকাল
“নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কে চান ফখরুল” শিরোনামে একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, ডাহা মিথ্যা এবং মনগড়া।
বিবৃতিতে আরও বলা হয়, ইচ্ছাকৃতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এই কল্পিত সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। এমন অপপ্রচারের উদ্দেশ্য হলো জনগণের মনে বিভ্রান্তি ও সংশয় সৃষ্টি করা।
বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিদেশি বাংলা গণমাধ্যমে প্রকাশিত এই ধরনের অসত্য ও বানোয়াট খবর নিয়ে দেশের জনগণ কিংবা দলের নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই।