বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক এই সময়-এ দেওয়া এক সাক্ষাৎকারে ফখরুল জামায়াতকে নিয়ে ‘অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ’ মন্তব্য করেছেন, যা সত্য ও শিষ্টাচারের পরিপন্থী। তিনি প্রশ্ন তোলেন, একজন প্রবীণ রাজনীতিবিদ কীভাবে এমন ভাষা ব্যবহার করতে পারেন।
গোলাম পরওয়ার বলেন, যদি বিএনপি মহাসচিব সত্যিই এমন অভিযোগ করে থাকেন, তবে প্রমাণ দিতে হবে যে জামায়াত কারও কাছে আসন দাবি করেছে। প্রমাণ দিতে ব্যর্থ হলে তাকে জনসমক্ষে দুঃখ প্রকাশ করতে হবে। তিনি আরও স্পষ্ট করে বলেন, জামায়াত নিজস্ব নেতৃত্বের অধীনে পরিচালিত হয়, অন্য কারও কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে এ দলের কোনো সম্পর্ক নেই। ফখরুলের ভাষাকে তিনি তাচ্ছিল্যপূর্ণ আখ্যা দিয়ে এর বিচার জনগণের ওপর ছেড়ে দেন।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের রাজনীতি দেশের জনগণের কল্যাণে, আর আল্লাহর সন্তুষ্টিই তাদের চূড়ান্ত লক্ষ্য। জনগণের ওপর আস্থা এবং মহান রবের করুণাতেই ভরসা করার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। পাশাপাশি বিএনপি মহাসচিবকে ভবিষ্যতে অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই সময়–এ প্রকাশিত সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ফখরুল ইসলাম আলমগীর এমন কোনো মন্তব্য করেননি। বরং সাক্ষাৎকারের ভুল উপস্থাপনের কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং এর ভিত্তিতে দেশের গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর।