আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, প্রচলিত ধারার নির্বাচনের মধ্য দিয়েই জনগণ নির্ধারণ করবে কোন দলের কর্মসূচির প্রতি আস্থা রাখছে। জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারো দেশ পরিচালনার দায়িত্ব নিতে প্রস্তুত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর মোড়ে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, “ইসলামী দলসহ অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবে, সমর্থন চাইবে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। কিন্তু শেষ পর্যন্ত জনগণের রায়ের মাধ্যমেই পরিষ্কার হবে কে আসল সমর্থন পেয়েছে।”
দুদু বলেন, বিএনপির এখন প্রধান কাজ হচ্ছে ভোটারদের কাছে যাওয়া এবং ধানের শীষ মার্কায় ভোট চাওয়া। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। বিএনপি একটি সম্ভাবনাময় দল, এবং দেশবাসীও বিশ্বাস করে সেই দল নির্বাচিত হবে।”
তিনি আরও বলেন, আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনীত হওয়ার পর দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই সেই প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হবেন। “দল কাউকে মনোনীত করলে আমরা তার পাশে থাকব এবং জনগণের আস্থার মাধ্যমে বিজয় নিশ্চিত করব।”
এ সময় জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বুলা, শহিদুল ইসলাম রতনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভায় স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনী কর্মসূচি সামনে রেখে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন এবং তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করার আহ্বান জানান।
চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত এ পথসভায় বিএনপি সমর্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শামসুজ্জামান দুদুর বক্তব্যে ভর করে নেতাকর্মীরা আরও উৎসাহিত হয়ে মাঠে নামবেন বলে আশা প্রকাশ করা হয়।