জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন এবং সংসদের উচ্চকক্ষের সদস্য নির্বাচনের প্রক্রিয়ার প্রস্তাবে বিএনপি এখনো ঐকমত্যে পৌঁছায়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৯ জুন) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “সব বিষয়ে ঐকমত্যে বাধ্য করা ঠিক হবে না। আলোচনা মানে হলো মতবিনিময়, সমঝোতা যেখানে সম্ভব সেখানে করা।”
তিনি বলেন, “জুলাই সনদ নিয়ে বিএনপিই সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে। সংবিধানের মূলনীতি, ৭০ অনুচ্ছেদ সংশোধন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ, সংসদের স্থায়ী কমিটি শক্তিশালীকরণ—এসব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি।”
তবে সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, “সব প্রস্তাবে একমত হতে হলে তো আর আলাদা করে আলোচনার দরকার হতো না। কমিশন চাইছে যেসব বিষয় নিয়ে এখনো স্পষ্ট ঐকমত্য নেই, সেগুলোকেও গৃহীত ধরে নিতে। এটা গ্রহণযোগ্য নয়।”
তিনি বলেন, “যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাস্তব ঐকমত্য হবে, সেগুলোকেই ভিত্তি করে জুলাই সনদ হবে। বিএনপি চায় একটি টেকসই সমঝোতা, যা ভবিষ্যতে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে।”
বিএনপি নেতা আরও জানান, কমিশনকে তারা স্পষ্ট করে বলেছে যে কোনো চাপ বা জোর করে সব প্রস্তাব মানিয়ে নেওয়া হলে জনগণের আস্থা হারানোর ঝুঁকি থাকবে। “আলোচনার অর্থই হলো মতপার্থক্য দূর করা, কিন্তু মতপার্থক্য থাকা মানেই আলোচনা ব্যর্থ নয়,” বলেন সালাহউদ্দিন আহমদ।