রাব্বিকুল ইসলাম, দুমকী
পটুয়াখালীর দুমকীতে আলোচিত জুলাই অভ্যুদানের শহীদ জসিম উদ্দিনের কন্যা কলেজছাত্রী লামিয়া ধর্ষণ মামলায় তিন কিশোর আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার (২২ অক্টোবর) দুপুরে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত তিন কিশোর হলো— ইমরান মুন্সী (১৭), সাকিব মুন্সী (১৭) এবং সিফাত মুন্সী (১৬)। আদালত তাদের অপ্রাপ্তবয়স্ক হিসেবে শিশু আইনের আওতায় বিচার করেন।
রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(২) ধারায় সাকিব ও সিফাতকে অতিরিক্ত ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ফলে ইমরান মুন্সীর ১০ বছর এবং অপর দুইজনের মোট ১৩ বছর করে সাজা ঘোষণা করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে, শহীদ জসিম উদ্দিনের কন্যা কলেজছাত্রী লামিয়া বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়িতে যাওয়ার পথে আসামিরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
পরে তারা একটি পরিত্যক্ত বাড়ির জঙ্গলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে এবং ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার দুমকি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আবদুল্লাহ আল-নোমান, আর আসামিপক্ষে ছিলেন এডভোকেট মো. শহিদুল ইসলাম তালুকদার।
ঘটনার পর ধর্ষণের শিকার শহীদ কন্যা লামিয়াকে ঢাকায় মায়ের ভাড়া বাসায় নেওয়া হয়, কিন্তু লোকলজ্জা ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।