এম এম জসিম উদ্দিন, ভেদরগঞ্জ শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তাহসিনা বেগম। সোমবার (৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন উপসচিব আমিনুল ইসলাম।
বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তাহসিনা বেগমকে শরীয়তপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, “জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”
এর আগে, শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ আশরাফ উদ্দিন। তবে গত ১৯ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি আপত্তিকর ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে জেলার সর্বস্তরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এরই প্রেক্ষিতে ২১ জুন তাকে জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
নতুন জেলা প্রশাসক তাহসিনা বেগমের আগমনকে কেন্দ্র করে জেলায় নতুন প্রশাসনিক দিকনির্দেশনার আশায় প্রহর গুনছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফেরাতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।