মুন্সিগঞ্জ প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজন, আনন্দ শোভাযাত্রা এবং নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মুন্সিগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। “নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান” স্লোগানে উদ্দীপ্ত হয়ে দিনব্যাপী এ উৎসবে অংশ নেয় সব শ্রেণি-পেশার মানুষ।
সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। শোভাযাত্রায় গ্রামবাংলার চিরায়ত সংস্কৃতি তুলে ধরতে নানা প্রাণীর মুখোশ, মাটির তৈরি সামগ্রীসহ বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।
শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে লোকজ মেলার উদ্বোধন করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কবিগান, পালাগান, পঞ্চকবির গান, আধুনিক গান, লোকসঙ্গীত, বাউল গান ও লোকনৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
একই সময়ে জেলার বিভিন্ন উপজেলাতেও শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষ উদযাপন করা হয়। উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করে মুন্সিগঞ্জবাসী, যা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি তাদের গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ।