ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশাখী শোভাযাত্রায় ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। মেট্রোরেল স্টেশনের ছাদে আটকে গিয়ে ভেঙে গেছে একটি মোটিফের অংশ, যদিও পরে শোভাযাত্রা স্বাভাবিকভাবে এগিয়ে যায়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত বৈশাখী শোভাযাত্রাটি মেট্রোরেল স্টেশন অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শোভাযাত্রায় ব্যবহৃত বৃহদাকার মোটিফগুলো স্টেশনের নিচ দিয়ে পার হওয়ার সময় কিছু অংশ ছাদে আটকে যায়। পাঁচটি মোটিফের মধ্যে হাতি ও একটি ঘোড়া নির্বিঘ্নে পার হলেও ‘লাল ঝুঁটি মোরগ’, দোতারা এবং আরেকটি ঘোড়া পার হতে গিয়ে সমস্যায় পড়ে।
এ সময় ‘লাল ঝুঁটি মোরগ’ মোটিফের উপরের একটি অংশ ভেঙে যায়। পরে পরিস্থিতি সামাল দিতে শোভাযাত্রার অংশগ্রহণকারীরা মোটিফগুলো রাস্তার ঢালু পাশ দিয়ে পার করান।
এ বছরের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল—‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। নানা প্রতীকী মোটিফ ও লোকজ উপস্থাপনায় বর্ণিল এই আয়োজন ঘিরে ছিল মানুষের ব্যাপক অংশগ্রহণ।