শাহরিয়ার আহমেদ শাওনঃ
হাজার বছরের বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অনন্য বাহক পহেলা বৈশাখ সারা দেশের ন্যায় নবীগঞ্জেও বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে দিনটি।
নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। এর মধ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে নবীগঞ্জ উপজেলা মাঠ প্রাঙ্গণে বসেছে বৈশাখী লোকজ মেলা। সকাল থেকেই মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।
বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। মেলায় গ্রামীণ প্রসাধনীসহ নানা ধরনের পণ্যের স্টল বসানো হয়েছে, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন পর্যায়ের শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করছেন।
অপরদিকে, জে কে হাইস্কুল মাঠে সাংস্কৃতিক সংগঠন “আনন্দ নিকেতন”-এর উদ্যোগে সকাল থেকে শুরু হয় গান, আবৃত্তি ও নৃত্যের আয়োজন। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত। বিশেষ করে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
মেলায় আসা দর্শনার্থী হৃদয় রাজ বলেন, “বাচ্চাদের নিয়ে বৈশাখী মেলা ঘুরতে এসেছি। উপজেলা প্রশাসনের সুন্দর আয়োজন দেখে খুব ভালো লাগছে।”
আরেক দর্শনার্থী মিলি বলেন, “প্রতি বছরের মতো এ বছরও বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে। নতুন বছর উপলক্ষে পরিবারের সঙ্গে ঘুরতে এসে খুব ভালো লাগছে।”
সার্বিকভাবে, নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং নানা আয়োজনে দিনটি উপভোগ করছেন সর্বস্তরের মানুষ।