নাটোরের গুরুদাসপুরে সিধুলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী খাল খনন কর্মসূচির আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
সোমবার বিকেলে উপজেলার তুলসি নদীসংলগ্ন সিধুলী এলাকা থেকে আইড়মারী বিল পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশে খননকাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৫৩ হাজার টাকা।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষও অংশ নেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করছে। খালের একটি অংশ খননযন্ত্র দিয়ে এবং বাকি অংশ শ্রমিকের মাধ্যমে সম্পন্ন করা হবে।
প্রকল্পে ১১৯ জন শ্রমিক নিয়োজিত থাকবেন। তাঁদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ৪৩ দিনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেন, খাল পুনঃখনন শেষ হলে এলাকার কৃষকেরা সেচ সুবিধা পাবেন। এতে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি মাছ চাষও সম্প্রসারিত হবে। নৌপথে কৃষিপণ্য পরিবহনেও সুবিধা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।