মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ (৭৫) আর নেই। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার মরদেহ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে নিজ বাড়িতে নিয়ে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় থাকা মহিউদ্দিন আহমেদ স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ পর্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি মালখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পাঁচবার এবং সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনবার নির্বাচিত হন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মহিউদ্দিন আহমেদ মহান মুক্তিযুদ্ধের সময় জেলার অন্যতম সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন বলে জানা যায়। এ সময় তার বিরুদ্ধে কয়েকটি মামলাও দায়ের করা হয়।
ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।