সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে এক সোনা ব্যবসায়ীকে জিম্মি করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ছয় নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাজু মুন্সী এবং ছাত্রদলের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রায়হান আলীর স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—স্বেচ্ছাসেবক দলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মো. আশিক; ছাত্রদলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান, সদস্য সাগর রহমান; এবং বিরামপুর সরকারি কলেজ শাখার কর্মী আল রেহমান, মো. সানি ও আরিফুল ইসলাম।
এর আগে সোমবার সন্ধ্যায় বিরামপুর উপজেলার দুর্গাপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এক সোনা ব্যবসায়ীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কাছ থেকে প্রায় সোয়া আট ভরি সোনা ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আশিক, সাগর রহমান, আল রেহমান ও আরিফুল ইসলামকে আটক করে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে বিরামপুর থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করে একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। পরে আটক চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট ছয়জনকে তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।