বাংলাদেশে মানুষের তৈরি আইন বাতিল করে কুরআনের আইন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. মুজিবুর রহমান। বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ দাবি তোলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি বলেন, “আমরা আল্লাহর আইন চাই। আপনারা আল্লাহর আইনের বিরোধিতা করবেন না বলেছেন। তাহলে আসুন, মানুষের তৈরি আইনের পরিবর্তে কুরআনের আইন প্রতিষ্ঠা করি।”
তিনি উল্লেখ করেন, সংসদ ভবনে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও ঈমান’ লেখা রয়েছে, তাই আইনের মূল উৎস হওয়া উচিত আল-কোরআন। তার মতে, দেশের অধিকাংশ মানুষ কুরআনে বিশ্বাস করে এবং কুরআনের বিধান প্রতিষ্ঠা তাদের প্রত্যাশা।
সুরা হজের ৪১ নম্বর আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, রাষ্ট্রক্ষমতায় থাকা ব্যক্তিদের নামাজ কায়েম, যাকাত চালু, সৎ কাজের নির্দেশ এবং অসৎ কাজ প্রতিরোধ করা উচিত।
মুজিবুর রহমান আক্ষেপ করে বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি একাধিকবার ক্ষমতায় থাকলেও কুরআনের কোনো আইন বাস্তবায়ন করেনি।
প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি প্রশ্ন তোলেন, কেন নামাজ ও যাকাতের ব্যবস্থা চালু করা হয়নি, কেন দারিদ্র্য, ক্ষুধা ও বেকারত্ব দূর করা যায়নি, এবং কেন সমাজের অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা হয়নি।
এছাড়া, ইসলামী আইন বাস্তবায়নের বিষয়ে পরামর্শ দিতে একটি ইসলামী বোর্ড গঠনের প্রস্তাব দেন তিনি। এই বোর্ডে মাদ্রাসাশিক্ষিত সংসদ সদস্য, বিভিন্ন মাজহাবের আলেম এবং আহলে হাদিস সম্প্রদায়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার কথা বলেন।
তার বক্তব্যে তিনি সুদ, ঘুষ, মদ, জুয়া, ব্যভিচার, চাঁদাবাজি ও টেন্ডারবাজিরও সমালোচনা করেন।