আইপিএলের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ভারতীয় মুদ্রায় ৯ কোটি ২০ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্স-এর হয়ে চুক্তিবদ্ধ হলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টে খেলতে পারেননি এই বাঁহাতি পেসার।
ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) তাকে আইপিএল থেকে সরিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
নিরাপত্তা শঙ্কার কারণে পরবর্তীতে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার লিটন দাস ও তাসকিন আহমেদদের ভারতে বিশ্বকাপ খেলতে যেতে দেয়নি। বিষয়টি নিয়ে দেশে সরকার ও ক্রিকেট বোর্ডের সমালোচনা শুরু হয়, যার প্রভাব এখনো রয়েছে।
ভারতের মুম্বাইয়ে এক অনুষ্ঠানে—ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম-২০২৬-এর জার্সি উন্মোচনে—এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাকিব আল হাসান বলেন, বাংলাদেশকে বিশ্বকাপে অংশ নিতে না দেওয়াটা অন্তর্বর্তী সরকারের বড় ভুল ছিল।
ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট RevSportz-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি। তার ভাষায়, একটি দেশ হিসেবে বিশ্বকাপে নিজেদের খেলোয়াড়দের অংশগ্রহণ দেখতে চাওয়া স্বাভাবিক, আর বাংলাদেশের মতো দলের অনুপস্থিতি ছিল বড় ধরনের মিস।
তিনি আরও বলেন, “এটি সরকারের পক্ষ থেকে একটি বড় ভুল সিদ্ধান্ত ছিল যে তারা সেই বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিল।”
নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আশাবাদ ব্যক্ত করে সাবেক অধিনায়ক জানান, সময়ের সঙ্গে সবকিছু স্বাভাবিক হবে বলে তিনি বিশ্বাস করেন। দেশের মাটিতে ক্যারিয়ার শেষ করার ইচ্ছাও পুনর্ব্যক্ত করেন তিনি।