মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
ধর্ষণের ঘটনা আড়াল করতে ভুক্তভোগী কিশোরীকে অপহরণের পর হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি নুর মোহাম্মদ ওরফে নুরাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের মাওনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর অভিযানে থাকা পুলিশ সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জানায়, এক থেকে দুই মাইল ধাওয়া করে নুরাকে আটক করা হয়। রাত সাড়ে ১০টার দিকে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
প্রায় একই সময়ে মামলার অপর আসামি হযরত আলীকে গৌরিপুর, ময়মনসিংহ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।
পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণ ও হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় মোট ৯ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পরপরই আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক বিশেষ টিম দেশের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। এর অংশ হিসেবে পৃথক দুটি টিমকে গাজীপুর ও নরসিংদী অঞ্চলে দায়িত্ব দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত নুরা ও হযরত আলীকে নরসিংদীতে নেওয়া হয়েছে। এ নৃশংস ঘটনায় জড়িত অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।