কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামিনে মুক্তি পেলেই প্রয়োজনে অন্য মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। মঙ্গলবার তার স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জের অধীন আট জেলার পুলিশ সুপারদের এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, যেসব নেতা-কর্মী জামিনে মুক্তির পর সংগঠনকে শক্তিশালী ও মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম, তাদের ক্ষেত্রে জামিনের পর অন্য মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখাতে হবে। তবে যাদের এ ধরনের সক্ষমতা নেই, তাদের ক্ষেত্রে আপাতত পুনরায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন নেই।
এছাড়া প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণের কথাও উল্লেখ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুসরণীয় বলে চিঠিতে উল্লেখ রয়েছে।
রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।