আমজাদ শিবলু : সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৮ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে নোয়াখালী–ফেনী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ উপজেলার সেবারহাট পূর্ব বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে অংশ নেয় র্যাব-৭ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তাররা হলেন ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর গণিপুর গ্রামের মো. আমির হোসেন (৪২) এবং জয়নারায়ণপুর গ্রামের মো. হারুন ভূঞা (৪০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, প্রাইভেটকারটি কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে ৮ হাজার ৮৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জব্দ করা প্রাইভেটকারটি আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। তদন্তের মাধ্যমে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।