গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রাম থেকে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম বাবু (৪০) কে আটক করে। অভিযানে তার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের উপ-পরিদর্শক জুয়েল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাবুর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষের শোকেসের ড্রয়ারে লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ২ হাজার ৮৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
ঘটনার পর রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দেয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে সাপমারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী এহসানুল কবির রিপন।
এদিকে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার গ্রেপ্তারকৃত আনোয়ারুল ইসলাম বাবুকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়দের মতে, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকলে সমাজ থেকে মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা চলছে।