নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হৃদরোগ বিভাগের সিসিইউ-১ এ চিকিৎসাধীন। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন সিসিইউ-১ এর নার্সিং ইনচার্জ সোহেলা পারভীন।
আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা গেছে। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. আজহারুল ইসলাম বলেন,
তার রক্তচাপ বেড়ে যাওয়ায় হৃদস্পন্দনে অনিয়ম দেখা দিয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তার শারীরিক অবস্থার প্রকৃত চিত্র জানা যাবে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত নন।
রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল বলেন, বেলাল উদ্দিন একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট নিয়ম মেনেই অর্থ বহন করা হচ্ছিল। তবে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটকের ফলে তিনি মানসিকভাবে চাপে পড়ে অসুস্থ হয়ে পড়েন। তার বয়স ৬০ বছরের বেশি এবং আগে থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বলেও জানান তিনি।
বুধবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর পৌঁছান বেলাল উদ্দিন। তার সঙ্গে ছিলেন জেলা জামায়াতের দফতর সম্পাদক আবদুল মান্নান। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের তল্লাশি চালিয়ে ব্যাগে থাকা নগদ অর্থ জব্দ করে এবং তাদের হেফাজতে নেয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল আলম রেজা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন প্রায় ৫০ লাখ টাকা থাকার কথা বলেছিলেন। তবে গণনা শেষে তার ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়া যায়। তিনি গার্মেন্টস ব্যবসার কাজে অর্থ বহন করছিলেন বলে দাবি করেছেন। বিষয়টি যাচাই-বাছাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক এবং ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।