বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা নিয়ে চলমান আলোচনা দ্রুতই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, দলগতভাবে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। তবে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সময়ে গঠিত ৬ দলীয় ‘গণতন্ত্র মঞ্চ’–ই রাজনৈতিক জোট হিসেবে আসন ভাগাভাগির ভিত্তি হবে।
সোমবার পটুয়াখালীর বাউফলে গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা এস. এম. আমজাদ হোসেনের জানাজা ও দাফন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জোট আলোচনার প্রসঙ্গে তিনি আরও জানান, গণতন্ত্র মঞ্চ বিএনপিসহ ৩৯টি দলের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা, রাষ্ট্র মেরামত ও রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য সামনে রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে দলগুলো। এসব লক্ষ্য বাস্তবায়নে নতুন সংসদ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
সাকি বলেন, নির্বাচনের আগ পর্যন্ত আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এ ছাড়া গণতন্ত্র মঞ্চ ও যুগপৎ আন্দোলনের অন্যান্য দলগুলোর সঙ্গে সমঝোতা নিয়ে আলোচনা চলমান রয়েছে এবং খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।