নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে হঠাৎ ঝটিকা মিছিল বের করলে স্থানীয় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
বিকাল সাড়ে ৪টার দিকে চৌমুহনীর রেল স্টেশন রোড এলাকা থেকে ২০ থেকে ২৫ জনের একটি দল ব্যানার ও লিফলেটসহ মিছিল শুরু করে। তারা চৌমুহনী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে করিমপুর এলাকায় প্রবেশ করে।
স্থানীয়রা জানান, মিছিলটি নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল শিহাবের তত্ত্বাবধানে হয়। এ সময় তারা আওয়ামী লীগের পক্ষে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। মিছিলটির নেতৃত্ব দেন নাজমুল শিহাব, যিনি নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের ঘনিষ্ঠ বলে পরিচিত।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে মিছিলে থাকা তিন জনকে আটক করে। বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। তিনি বলেন, “নিষিদ্ধ সংগঠনের এমন কার্যক্রম মেনে নেওয়া হবে না। আমরা বাকিদেরও আইনের আওতায় আনতে কাজ করছি।”
এদিকে, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই, কিন্তু সেখানে কাউকে পাইনি। জনগণ এখন আর এদের প্রতারণায় পা দেয় না।”
প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চৌমুহনীতে এটিই প্রথম ঝটিকা মিছিল বলে জানা গেছে। এতে করে এলাকার জনগণের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।