আমজাদ শিবলু, নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে আলোচিত কাসেম হত্যা মামলার অন্যতম অভিযুক্ত ইসমাইল হোসেনকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার (৩০ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকার রেলওয়ে মসজিদ সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়।
ইসমাইল হোসেন সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দক্ষিণ পাড়ার ক্লাবঘর এলাকার বাসিন্দা, সোলেমান মোল্লার পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মিজানুর রহমান বলেন, “নিহতের পরিবারের সহযোগিতায় আসামির অবস্থান চিহ্নিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত চলতি বছরের ৭ মে (বুধবার) সেনবাগের কেশারপাড় এলাকায় জমি সংক্রান্ত পুরোনো বিরোধের জেরে সংঘর্ষে প্রাণ হারান আবুল কাসেম (৬৫)। ঘটনায় নিহতের পরিবার সেনবাগ থানায় মামলা দায়ের করলে পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে ৮ মে সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বিচারের দাবিতে একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন এলাকাবাসী এবং নিহতের স্বজনরা। এসব কর্মসূচিতে বক্তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানান।