টাঙ্গাইলের মধুপুর উপজেলায় টানা ভারী বর্ষণে বোরো ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। রোদ না থাকায় খলায় স্তূপ করে রাখা ভেজা ধানে অঙ্কুর গজিয়ে তা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ছে। এতে হাওরপাড়ের কৃষকদের মধ্যে হতাশা ও হাহাকার দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, বজ্রপাত ও বন্যার শঙ্কা উপেক্ষা করে কৃষকেরা বুকসমান পানিতে নেমে ধান কাটছেন। পরে সেই ধান খলায় এনে স্তূপ করে রাখা হচ্ছে। কিন্তু টানা বৃষ্টির কারণে সেগুলো শুকানোর কোনো সুযোগ মিলছে না। ফলে দিনের পর দিন ভেজা অবস্থায় পড়ে থাকায় ধানের ভেতরে তাপ সৃষ্টি হয়ে অঙ্কুর গজিয়ে নষ্ট হয়ে যাচ্ছে।
এদিকে অনেক ক্ষেতই বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। স্বপ্নের ফসল চোখের সামনে নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
স্থানীয় কৃষক অহিদুল ইসলাম বলেন, বুক পর্যন্ত পানির মধ্যে নেমে ধান কাটতে হচ্ছে। কাটা ধান ৪-৫ দিন ধরে ভেজা অবস্থায় পড়ে আছে, শুকাতে পারছি না। ফলে ধান নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি বৃষ্টি না দেয়।