মো: হোসেন, মনপুরা (ভোলা)প্রতিনিধি
ভোলার মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে গ্রেফতার করেছে বরিশালের এয়ারপোর্ট থানা পুলিশ।
শুক্রবার বিকেলে বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চেক জালিয়াতি ও সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তাকে আইনের আওতায় আনা হয়।
বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এনআই অ্যাক্টের (চেক প্রতারণা) একটি মামলায় বিজন কৃষ্ণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। মামলা হওয়ার পর থেকেই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার ওপর নজরদারি চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, বিজন কৃষ্ণের নামে ঝালকাঠিসহ বিভিন্ন থানায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে বলে তারা জানতে পেরেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির অভিযোগ ওঠার পর থেকে তিনি গত দুই সপ্তাহ ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
তার নিখোঁজ থাকা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগ ও মামলার বিষয়েও তদন্ত শুরু হয়েছে।