মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মো. মীর হোসেন ওরফে মোতালেব (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (৯ মার্চ) সকাল ১০টা ৪০ মিনিটে সদর উপজেলার মুক্তারপুর ফেরিঘাট সংলগ্ন রিভার ভিউ কোল্ড স্টোরের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ব্যাগভর্তি ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মীর হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি বর্তমানে মুন্সিগঞ্জের নতুনগাঁও মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় একটি অটোরিকশায় করে ব্যাগভর্তি গাঁজা পরিবহনের সময় তাকে হাতেনাতে ধরা হয়।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের বিরুদ্ধে এমন অভিযান আরও জোরদার করা হবে।