জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। তিনি মনে করেন, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে যে গণপরিষদ নির্বাচন হবে সেটিই মূল নির্বাচন হিসেবে সামনে আসবে। এর বাইরে কোনো নির্বাচন বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা নেই।
রোববার মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত “২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবং পরে প্রবাসী সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা শুরু থেকেই নির্বাচনের তারিখ নিয়ে পক্ষ-বিপক্ষ করি নাই। আমাদের অবস্থান পরিষ্কার—সংস্কার ও বিচারের নিশ্চয়তা থাকতে হবে। এমনকি ডিসেম্বরেও নির্বাচন হলে আমাদের কোনো আপত্তি নেই।”
বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির প্রসঙ্গে নাহিদ ইসলাম দাবি করেন, “এ ধরনের আলোচনা নিছক গুজব ও প্রোপাগান্ডা। নির্বাচন পেছানো কিংবা আসন সমঝোতা—এসব কথার কোনো ভিত্তি নেই।”
নির্বাচনের আগে সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমাদের কাছে নির্বাচনে অংশগ্রহণ বা সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সংস্কার। গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষের কাছে আমরা যেন বলতে পারি—এই পরিবর্তন এনসিপি এনেছে, জুলাই আন্দোলনের মাধ্যমেই এসেছে। তাই সংস্কারই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কারের পরই নির্বাচন নিয়ে ভাবব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মাদ। সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক এবং অনুষ্ঠান পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।