ফয়সাল আহমাদ , শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দালালমুক্ত চিকিৎসা সেবার দাবী ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের প্রতিবাদে আজ বুধবার সকালে ‘সচেতন নাগরিক ফোরাম-শ্রীপুর’-এর উদ্যোগে হাসপাতাল গেটে মানববন্ধন এবং উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার উপজেলার বারতোপা এলাকার এক মৃত রোগীর স্বজনদের জিম্মি করে মাত্র ১২ কিলোমিটার রাস্তার জন্য ৪ হাজার টাকা ভাড়া দাবি করা হয়। ভর্তির মাত্র ২ ঘণ্টা পর ওই রোগীর মৃত্যু হলে মৃতের শোকাহত পরিবারকে জিম্মি করে ৫-৭ জন চালকের এই অমানবিক আচরণের বিষয়টি প্রকাশ হওয়ার পর এই এম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে উপজেলায় ব্যপক সমালোচনা তৈরি হয়।
এই প্রেক্ষাপটে আজ বুধবার সকাল ১০টায় সচেতন নাগরিক ফোরামের ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে নাগরিক নেতৃবৃন্দ বলেন, অসহায় রোগী এবং মৃতের শোকাহত পরিবারকে জিম্মি করে সিন্ডিকেটের মাধ্যমে কয়েকগুণ ভাড়া আদায় করা স্রেফ ডাকাতি। মাত্র ১২ কিলোমিটার রাস্তায় ৪ থেকে ৮ হাজার টাকা ভাড়া দাবি করা অমানবিকতা।
অবিলম্বে এই অবৈধ অ্যাম্বুলেন্স স্ট্যান্ড এবং দালাল সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ করতে হবে।
মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে হাসপাতালের সামনে থেকে অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালমুক্ত চিকিৎসা সেবা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।