মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এলপি গ্যাসের সংকটের চিত্র উঠে এসেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলার সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাজারের বিভিন্ন এলপি গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী ডিলার পয়েন্ট মনিটরিং করা হয়। অভিযানে দেখা যায়, বেশ কয়েকটি ডিলার পয়েন্টে পর্যাপ্ত পরিমাণ এলপি গ্যাস সিলিন্ডার মজুদ নেই।
এ সময় মেসার্স হাবিব এন্ড ব্রাদার্সে মাত্র ৯টি এলপি গ্যাস সিলিন্ডার মজুদ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তারা সংশ্লিষ্ট কোম্পানির কাছে নতুন করে গ্যাসের অর্ডার দিয়েছেন।
অন্যদিকে মেসার্স মনির এন্টারপ্রাইজে কোনো এলপি গ্যাস সিলিন্ডার মজুদ না থাকার তথ্য পাওয়া যায়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্যাস সরবরাহের জন্য তারা কোম্পানির কাছে অর্ডার প্রদান করেছেন।
এছাড়া শেখ এন্টারপ্রাইজে সেদিন এলপি গ্যাস সিলিন্ডার সরবরাহ পাওয়া গেছে বলে জানা যায়। এ সময় প্রতিষ্ঠানটিকে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজমুল হোসেন ও লৌহজং থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ঘোড়দৌড় বাজারে এলপি গ্যাস সিলিন্ডারের মজুদ ও বিক্রয় পরিস্থিতি মনিটরিং করা হয়েছে। বাজারে কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।