মুন্সিগঞ্জ প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে মুন্সিগঞ্জে কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় মুন্সিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল থেকেই জেলা বিএনপির কার্যালয়ে বিভিন্ন মাদরাসার আলেম ও শিক্ষার্থীরা পবিত্র কোরআন খতমে অংশ নেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
কোরআন খতম কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন দেশের মানুষের একজন অভিভাবক। তাঁর মৃত্যুতে জাতি এক গভীর শূন্যতার মুখে পড়েছে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছি।”
তিনি আরও বলেন, দলের সাত দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে এই ধর্মীয় আয়োজন করা হয়েছে এবং আগামী দিনগুলোতেও দোয়া ও স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।
কোরআন খতম ও দোয়া মাহফিলে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।