আমজাদ শিবলু : সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে উপজেলা ও পৌর বিএনপির নবঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কাজী মফিজুর রহমানপন্থীরা।
বুধবার বিকালে উপজেলা দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড়ে সমাবেশে মিলিত হয়।
সেখানে যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিলের দাবি জানিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এর আগে মঙ্গলবার সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুকের সমর্থকেরাও একই দাবিতে কর্মসূচি পালন করেন।
তবে ঘোষিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আবদুল মান্নান গ্রুপ। এদিকে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন ও সদস্য দলিলুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই অভিযোগে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক বাবুল ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান লিটনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।
উল্লেখ্য, সোমবার রাতে জেলা বিএনপি পৃথকভাবে ৫৬ সদস্যবিশিষ্ট উপজেলা ও ৩৮ সদস্যবিশিষ্ট পৌর বিএনপির কমিটি ঘোষণা করে।